ফ্রি ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে আনলিমিটেড টেক্সট চ্যাট

চ্যাটজিপিটির ফ্রি ও গো (Go) ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। নতুন ব্যবস্থায় এসব ব্যবহারকারী GPT-5.6 Luna মডেল ব্যবহার করে আনলিমিটেড টেক্সট চ্যাট করতে পারবেন। জটিল প্রশ্নের উত্তর আরও গভীরভাবে পেতে যুক্ত হচ্ছে নতুন ‘Think’ বাটনও।
ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য টেক্সট চ্যাটের সীমা তুলে নেওয়া হচ্ছে। তবে ফাইল আপলোড, ছবি, ভয়েস ও অন্যান্য টুল ব্যবহারে আলাদা সীমা বহাল থাকবে। অপব্যবহার ঠেকাতে কিছু সুরক্ষা ব্যবস্থাও কার্যকর থাকবে।
নতুন ব্যবস্থায় GPT-5.6 Luna হবে ফ্রি ও গো ব্যবহারকারীদের ডিফল্ট মডেল। জটিল কোনো প্রশ্নের ক্ষেত্রে ‘Think’ বাটনে চাপ দিলে মডেলটি অতিরিক্ত সময় নিয়ে যুক্তিনির্ভর উত্তর তৈরি করবে।
অন্যদিকে Plus ও Pro ব্যবহারকারীদের জন্য GPT-5.6 Sol-এর উন্নত সংস্করণ চালু করা হয়েছে। এসব ব্যবহারকারী নতুন reasoning slider-এর মাধ্যমে একটি উত্তরের জন্য মডেল কতটা গভীরভাবে চিন্তা করবে, তা নির্ধারণ করতে পারবেন। গবেষণা, পরিকল্পনা, লেখালেখি, কোডিং ও জটিল সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে এই সুবিধা ব্যবহার করা যাবে।
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, GPT-5.5-Instant-এর তুলনায় GPT-5.6 Luna-তে তথ্যগত ভুল ৬২ শতাংশ এবং GPT-5.6 Sol-এ ৬৮ শতাংশ কম পাওয়া গেছে।
ওপেনএআইয়ের ঘোষণার পর ফ্রি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ফলে চ্যাটজিপিটির বিনামূল্যের সংস্করণে টেক্সটভিত্তিক ব্যবহারের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, ওপেনএআই
ফিনান্সিয়াল বার্তা/এইচ




