১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে ১ সেপ্টেম্বর থেকে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ দেওয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আমানতের মুনাফা থেকে কোনো অর্থ কাটা হবে না—এ বিষয়টি সব গ্রাহককে স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকটির স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালুরও তাগিদ দেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকটি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



