অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৬২১ কোটি ৩২ লাখ ডলার। অন্যদিকে, বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার বা ৩ হাজার ১৪০ কোটি ৩৬ লাখ ডলার।

এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। সে হিসাবে তিন দিনের ব্যবধানে প্রচলিত হিসাবে রিজার্ভ বেড়েছে ৬ কোটি ৮২ লাখ ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে বেড়েছে ৬ কোটি ৩৬ লাখ ডলার।

এর আগে গত ৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত ২৯ সেপ্টেম্বর এ দুই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ও ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

তবে গত সেপ্টেম্বরের শুরুতে রিজার্ভের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

এরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে আসে। গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে উঠলেও বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। ২০ সেপ্টেম্বর এ দুই পদ্ধতিতে রিজার্ভ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ও ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রিজার্ভে কিছুটা ওঠানামা থাকলেও অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুই হিসাব পদ্ধতিতেই রিজার্ভ বেড়েছে।

 

ক্যাটাগরি