ব্যাংক বীমা

আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ব্যাংক পেল আন্তর্জাতিক দুই পুরস্কার

ছবি: সংগৃহীত

আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দুটি সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। পুরস্কার দুটি হলো—‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) বৈশ্বিক নীতি ফোরামে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান।

আর্থিক অন্তর্ভুক্তিতে লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এএফআইয়ের ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নির্ধারিত লক্ষ্যমাত্রা গ্রহণ করে।

এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতেও স্বীকৃতি

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য দ্বিতীয় পুরস্কারটি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। জেন্ডার অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংককে ‘জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ সম্মাননা দেওয়া হয়েছে।

এএফআইয়ের সদস্য ৮৯ প্রতিষ্ঠান

অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ ৮৯টি প্রতিষ্ঠান এর সদস্য।

প্রতিবছর এএফআইয়ের বৈশ্বিক নীতি ফোরামে আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। এবারের ফোরামে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক ও আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি