প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দিনে গেলেন ১১২ জন

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদেশগামী কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বিদেশগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। এ প্রক্রিয়ায় মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মালয়েশিয়ায় গিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রথম দিনে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে দেশটিতে পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। এ জন্য দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো সম্ভব হলে তা কর্মী এবং দেশের উভয়ের জন্যই লাভজনক হতো। এ লক্ষ্যে সরকার বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বিদেশে কাজের ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক কর্মীকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা হবে। তাই যে দেশে কাজ করতে যাবেন, সেই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। আপনাদের আচরণ ও কাজের মাধ্যমেই অন্যরা বাংলাদেশকে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করবেন, সেখানে সুনাম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশি কর্মীদের ভালো কাজ দেখে নিয়োগদাতারা যেন ভবিষ্যতে আরও বেশি কর্মী নিতে আগ্রহী হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে বিদেশগামী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি আবারও মনে করিয়ে দেন, বিদেশের মাটিতে বাংলাদেশি কর্মীদের কথাবার্তা, আচার-আচরণ ও কাজের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশের সম্মান অক্ষুণ্ন রেখে সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।



