জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদ ফ্লাইট ২৫ অক্টোবর থেকে, চালু দাম্মাম রুট

সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এদিকে বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনার সূচি জানিয়েছে বিমান। আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবে বাতিল ১৩৪ ফ্লাইট

বেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এসব ফ্লাইট বাতিলের কারণে মোট ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ক্যাটাগরি