আন্তর্জাতিক

অসুস্থ ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে

ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থতার অভিযোগের পর শুক্রবার (২১ আগস্ট) ভোরে কঠোর নিরাপত্তার মধ্যে আদিয়ালা কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। তবে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের নির্দেশের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসকদের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল।

ইমরানের আইনজীবীরা জানিয়েছেন, তিনি চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং কারাগারে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছেন না। এর আগে এক আইনজীবী দাবি করেছিলেন, চিকিৎসার অভাবে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি ১৫ শতাংশে নেমে এসেছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

আদালতের নির্দেশে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও পাবেন ইমরান খান। কয়েক মাস ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। আদালত তার জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের আইনি ও সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেছেন।

ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে কারাগারে যাওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ একাধিক মামলা হয়। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।

কারাবন্দি থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান এখনো অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। তার গ্রেপ্তার ও কারাবাসকে কেন্দ্র করে দেশটিতে একাধিকবার বড় ধরনের বিক্ষোভও হয়েছে।

সূত্র: বিবিসি

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি