সারাদেশ

আবারও বন্ধ সাজেক ভ্যালি, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাড়তে হবে পর্যটকদের

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ অবস্থায় বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। তখন পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়।

তবে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই সাজেক ভ্যালি আবারও বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

 

ক্যাটাগরি