শিক্ষা

এইচএসসি আন্দোলন: লংমার্চ স্থগিত, তিন দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচি আপাতত স্থগিত করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা অনড় থাকার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, এটি আন্দোলনের সমাপ্তি নয়; পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর একত্রে যোগ করে পাস নম্বর নির্ধারণ, দুর্যোগসহ বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারা অভিযোগ করেন, আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। তাই ভবিষ্যতে কেবল বৈধ শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডধারীদেরই আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে। সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা প্রকৃত পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তারা।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কিছু মহল সরকারকে বিব্রত করতে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি জানান, প্রকৃত শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্তও বহাল থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করবে না সরকার। নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে।

এছাড়া, আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে মাইলস্টোন কলেজের সাবেক ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহির বিরুদ্ধে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার পরও তিনি প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে আন্দোলনে অংশ নেন এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি