জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে অপরিকল্পিত সিদ্ধান্ত ও বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগের কারণে বর্তমান সরকারকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে সংকটের খেসারত দিতে হচ্ছে।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। তবে এই সংকট থেকে ধীরে ধীরে উত্তরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার পর সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়। তারা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।




