জাতীয়

তিন বছর শিক্ষার্থী ভর্তি নেই, ২৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ

ছবি: সংগৃহীত

টানা তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি না করায় ২৬টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত তাগিদপত্র দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ তাগিদপত্র দেওয়া হয়।

তাগিদপত্রে বলা হয়েছে, পাঠদান অনুমোদনের শর্ত অনুযায়ী পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না করলে অনুমোদিত শিক্ষাক্রম বাতিলের বিধান রয়েছে। এ ছাড়া অবকাঠামো, শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জামসহ নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলেও সংশ্লিষ্ট শিক্ষাক্রমের অনুমোদন বাতিল করা যেতে পারে।

বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে দুই দফায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছিল। তবে কয়েকটি প্রতিষ্ঠান এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেয়নি।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান এখনো সন্তোষজনক ব্যাখ্যা দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত করা হতে পারে।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন চূড়ান্তভাবে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বহাল রাখতে শিক্ষার্থী ভর্তি, প্রয়োজনীয় অবকাঠামো, যোগ্য শিক্ষক এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী সরঞ্জামসহ নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। এসব শর্ত পূরণ না হলে কিংবা টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে অনুমোদন বাতিলের বিধান রয়েছে।

বোর্ডের এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট ২৬টি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের ব্যাখ্যা ও শর্ত পূরণের সক্ষমতার ওপর।

ক্যাটাগরি