অর্থনীতি

দুর্গাপূজায় ব্যাংকে টানা ৩ দিন ছুটি, ১৭ অক্টোবর শনিবার খোলা থাকবে ব্যাংক

সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পূজার ছুটির আগে ১৭ অক্টোবর (শনিবার) সাধারণ ছুটির দিন হলেও ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
আজ রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

টানা ৫ দিনের ছুটির ফাঁদে দেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ব্যাংক খাতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির হিসাব অনুযায়ী:
২০ অক্টোবর (মঙ্গলবার): মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি।
২১ অক্টোবর (বুধবার): বিজয়া দশমীর সাধারণ ছুটি।
২২ অক্টোবর (বৃহস্পতিবার): নতুন করে ঘোষিত নির্বাহী আদেশের ছুটি।
২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি।
এর ফলে ২২ অক্টোবরের ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মকর্তাদের জন্য টানা ৫ দিনের ছুটি নিশ্চিত হলো।

বন্দর ও কাস্টমস এলাকায় সীমিত লেনদেন

ছুটিকালে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে বন্দর এলাকাগুলোতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি