জাতীয়

নতুন ভ্যাট কমিশনারেট: ৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহার বাধ্যতামূলক

ফাইল ছবি

করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন ভ্যাট কমিশনারেট গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন/বিন) নতুন অধিক্ষেত্র অনুযায়ী স্থানান্তর করা হয়েছে। ফলে স্থানান্তরিত বিআইএনের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হয়েছে, যদিও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত রয়েছে।

সোমবার (৩ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আপাতত কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) সিস্টেমে পুরোনো ও নতুন—উভয় বিআইএনই সক্রিয় রাখা হয়েছে। ফলে আগের বিআইএন দিয়ে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্রসহ চলমান কাস্টমস কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত সম্পন্ন করা যাবে।

তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো বিআইএনের অধীন সব চলমান কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করতে হবে। এরপর কাস্টমস সিস্টেমে পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আমদানি-রপ্তানিসহ সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।

এনবিআর জানিয়েছে, পরোক্ষ করব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি রাজস্ব প্রশাসনকে অধিকতর গ্রাহকবান্ধব করতেই এই প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে সব ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বিআইএন ব্যবহারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি